মো. মামুন মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার টুষভান্ডার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আদিতমারী ও কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল মহোদয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মহোদয় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তাদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
পরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply