রংপুরের পীরগাছা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন বুলেট ও আব্দুল হালিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা মৎস্যজীবী দল।
রোববার (১৬ নভেম্বর) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী সরকার এ নোটিশ জারি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত চার নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নে অর্থের বিনিময়ে কমিটি প্রদানসহ অডিও, ভিডিও, ছবি ও স্বাক্ষ্যসহ একাধিক প্রমাণ জেলা কমিটির নিকট জমা হয়েছে। এসব কর্মকাণ্ডে পীরগাছা উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ বহু নেতা-কর্মী প্রতিবাদ জানিয়েছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় ‘কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না’— তা পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট নেতাদের স্ব-শরীরে উপস্থিত হয়ে জেলা কমিটির নিকট জবাব দাখিলের নির্দেশও প্রদান করা হয়েছে।
Leave a Reply