প্রকাশের সময়: Wednesday, ১৪ জানুয়ারী, ২০২৬ । ৪:৪৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

বহিষ্কারাদেশ প্রত্যাহার,বিএনপিতে ফিরলেন পীরগাছা উপজেলা নেতা ফরহাদ হোসেন অনু

প্রকাশের সময়: Wednesday, ১৪ জানুয়ারী, ২০২৬ । ৪:৪৬ pm

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ মো. ফরহাদ হোসেন অনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে নির্দেশনাও দেওয়া হয়।শাহ মো. ফরহাদ হোসেন অনু পীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল ২০২৪ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন অনু বলেন, তিনি এ সিদ্ধান্তে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দীর্ঘ সময় সংগঠনের বাইরে থাকাটা যে কতটা কষ্টের, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলে জানান।তিনি আরও বলেন, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রতি আরও সচেতন থেকে বিএনপিকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

প্রিন্ট করুন