মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় ফুটপাত দখলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমান দোকানদারদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। সম্প্রতি দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্য ফুটপাত দখলমুক্ত করতে গেলে কিছু দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ব্যবসায়ীরা তার ওপর চড়াও হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে সাতমাথার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না।
সচেতন মহল মনে করছেন, বগুড়া জেলা প্রশাসন ও বগুড়া পৌরসভা সমন্বিত উদ্যোগ নিয়ে হকারদের জন্য নির্দিষ্ট জোন তৈরি এবং নিয়মিত অভিযান পরিচালনা করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন নগরবাসী।
