প্রকাশের সময়: Monday, ৩ নভেম্বর, ২০২৫ । ১২:০১ pm প্রিন্ট এর তারিখঃ ,

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টি-বাতাসে দুর্ভোগে কৃষক, ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশের সময়: Monday, ৩ নভেম্বর, ২০২৫ । ১২:০১ pm

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মাঠের ধান ও বিভিন্ন মৌসুমি ফসল। সপ্তাহজুড়ে অনুকূল আবহাওয়ার পর হঠাৎ বৃষ্টি-বাতাসের দাপটে ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক।শস্যে ভরা মাঠে ধান কাটা শুরু করার প্রস্তুতিতেই ছিলেন এলাকার কৃষকরা। ঠিক সেই সময়েই আসে কালো মেঘ, বৃষ্টি ও দমকা হাওয়া। এতে অনেক ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়ে এবং জমিতে পানি জমে যায়। পাশাপাশি লাউ, কুমড়া, বেগুন, মরিচসহ বিভিন্ন শাক-সবজির জমিতেও দেখা দিয়েছে ব্যাপক ক্ষতি।

স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের মধ্যেই ধান কাটা শুরু হওয়ার কথা ছিল। এমন সময়ের অপ্রত্যাশিত বৃষ্টি ও বাতাসে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ জমিতে পানি নামানোর ব্যবস্থা করলেও অনেক জমিতে পানি আটকে আছে।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,সার-বীজ-ওষুধের দাম আকাশছোঁয়া। সেই হিসেবের ফসল মাঠে দেখে আশার আলো দেখেছিলাম। এখন হঠাৎ বৃষ্টিতে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন পার করছি।

কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টির কারণে মাঠের ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

এদিকে কৃষকরা আশা করছেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে। তবে এভাবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবহাওয়ার পরিবর্তন তাদের মাঝে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে।

প্রিন্ট করুন