প্রকাশের সময়: Sunday, ২৯ মার্চ, ২০২৬ । ৫:০১ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন

প্রকাশের সময়: Sunday, ২৯ মার্চ, ২০২৬ । ৫:০১ pm

স্টাফ রিপোর্টার, রংপুরের কাউনিয়া উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, (এলজিইডি) বাস্তবায়িত একাধিক সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও বিটুমিন ছাড়াই রাস্তার কার্পেটিং করা হয়েছে। আবার কিছু স্থানে কাজ শেষ হওয়ার এক মাসও না পেরোতেই হাত দিয়ে তুললেই কার্পেটিং উঠে যাচ্ছে। এতে রাস্তার মান নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
এছাড়া আরসিসি ঢালাইয়ের কাজেও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, ঢালাইয়ের সময় সিমেন্টের পরিমাণ কম এবং বালুর পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে। ফলে কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে রাস্তা ধসে পড়ছে এবং ফাটল দেখা দিচ্ছে।
এদিকে উপজেলার জামতলা থেকে রেলস্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং কাজেও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে নির্মাণ বিধি মানা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বিটুমিন ছাড়াই সরাসরি পাথর বিছিয়ে তার ওপর কার্পেটিং করা হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী চিকন পাথরের পরিবর্তে বড় আকারের পাথর ব্যবহার করা হয়েছে। এতে রাস্তার আস্তরণ দুর্বল হয়ে পড়ছে এবং কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে যাচ্ছে এবং রাস্তার ফাঁকফোকর দিয়ে ঘাস গজাতে শুরু করেছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির দুইজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থাকলেও তাদের সামনেই এসব অনিয়ম করে কাজ শেষ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কাজ ভালোভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং ল্যাব থেকে পরীক্ষা করে কাজের মান যাচাই করা হবে। পরীক্ষার সময় সাংবাদিকরাও উপস্থিত থাকতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে এলাকাবাসী অবিলম্বে প্রকল্পটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন