শান্ত হোসেন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর (চর গোলাপনগর) এলাকায় অবস্থিত হযরত সোলাইমান শাহ চিশতী (রহ.)-এর মাজার শরীফে ৫৬তম ওরশ আগামীকাল শুক্রবার
(১০ এপ্রিল ২০২৬) থেকে শুরু হতে যাচ্ছে। এটি তিন দিনব্যাপী (শুক্র, শনি ও রবিবার) চলবে।
স্থানীয় ভাবে এ মাজার সোলায়মান শাহ বাবার মাজার নামেও পরিচিত। পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি চর এলাকায় অবস্থিত এই দরবার শরীফে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত-আশেকান সমবেত হন। ধর্মবর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও ভক্তরা আসেন।
এবারের ওরশের কর্মসূচি………..
শুক্রবার থেকে ওরশের আনুষ্ঠানিকতা শুরু।
শনিবার বিকেল থেকে কোরআন খতম পড়া শুরু
হবে। রবিবার ভোরে আখেরি মোনাজাত শেষে
সারাদিন তবারক বিতরণ চলবে।
মাজারের খাদেম রবি জানিয়েছেন, এবার উপজেলা প্রশাসন থেকে মেলার অনুমতি দেয়া হয়নি। তাই ওরশ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা (ওরশ, খতম, মোনাজাত ও তবারক) নিয়েই তিন দিন চলবে। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
মাজারের সংক্ষিপ্ত পরিচিতি:……..
হযরত সোলাইমান শাহ চিশতী (রহ.) একজন আধ্যাত্মিক সাধক পুরুষ ছিলেন। পদ্মা নদীর তীরবর্তী এই নির্জন এলাকায় তিনি ধর্মচর্চা করতেন। তাঁর মৃত্যুর পর ভক্তরা এখানে মাজার শরীফ গড়ে তোলেন। এটি শান্তি ও আত্মিক প্রশান্তির স্থান হিসেবে পরিচিত। অনেকে বিশ্বাস করেন, এখানে এলে মন-প্রাণ পবিত্র
হয়।
