প্রকাশের সময়: Friday, ২২ মে, ২০২৬ । ২:৩৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

নগরবাসীর সেবায় গাফিলতি নয় কঠোর অবস্থানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

প্রকাশের সময়: Friday, ২২ মে, ২০২৬ । ২:৩৬ pm

আহসান হাবীব, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন তার প্রথম কার্যদিবসেই নগর উন্নয়ন, নাগরিক সেবা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে দৃঢ় অবস্থানের কথা জানান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। একই সঙ্গে নগরের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি মেগা প্রোজেক্ট বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নবনিযুক্ত প্রশাসক স্পষ্ট ভাষায় বলেন, নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগকে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম আর ইসলাম স্বাধীন বলেন, নগর ভবন হবে জনগণের সেবার কেন্দ্র। এখানে কোনো রাজনৈতিক দলের কার্যালয় চলবে না। তার এই বক্তব্য উপস্থিত সাংবাদিক ও সুধী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
নগরের দীর্ঘদিনের যানজট, অবৈধ দখল ও ফুটপাত দখল সমস্যার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রশাসক। তিনি বলেন, অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও অনুমোদনহীন দোকানের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নগরের সৌন্দর্য ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাধা যত বড়ই আসুক, কিংবা যে দলের লোকই হোক না কেন, আইনের বাইরে কাউকে সুযোগ দেওয়া হবে না।
প্রশাসকের এমন কঠোর অবস্থানের ঘোষণাকে নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে যানজট, ফুটপাত দখল ও নাগরিক ভোগান্তিতে অতিষ্ঠ বগুড়াবাসী কার্যকর উদ্যোগের অপেক্ষায় ছিলেন। নতুন প্রশাসকের দৃঢ় অবস্থান বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
প্রথম কার্যদিবসেই উন্নয়ন, শৃঙ্খলা ও জবাবদিহিতার বার্তা দিয়ে এম আর ইসলাম স্বাধীন নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছেন। এখন তার ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছে নগরবাসী।

প্রিন্ট করুন