প্রকাশের সময়: Monday, ৮ জুন, ২০২৬ । ৪:৫৬ am প্রিন্ট এর তারিখঃ ,

রাতের আধারে লাইট বন্ধ করে নারী-শিশুসহ ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রকাশের সময়: Monday, ৮ জুন, ২০২৬ । ৪:৫৬ am

স্নিগ্ধ খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে প্রায় ৭০ ঘণ্টা ধরে শূন্যরেখার ওপারে অবস্থান করা নারী ও শিশুসহ ১০ জনকে শেষ পর্যন্ত রাতের আধারে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে ওই ১০ জন ভারতীয় অভ্যন্তরে সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে তারা কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, বিজিবির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। রাত ১২টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেয়। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে নারী-শিশুসহ ওই ১০ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে রোববার দুপুরে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষ অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেয়।

সোমবার সকালে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, যেখানে গত কয়েকদিন ধরে ওই ১০ জন অবস্থান করছিলেন সেখানে আর কাউকে দেখা যায়নি। সীমান্তের উভয় পাশেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, “বিএসএফ আমাদের সঙ্গে যোগাযোগ করে। রাত প্রায় আড়াইটার দিকে তারা ওই ব্যক্তিদের সেখান থেকে নিয়ে গেছে।”

প্রায় ৭০ ঘণ্টা ধরে চলা এই সীমান্ত জটিলতার অবসান হলেও, রাতের অন্ধকারে সীমান্তের লাইট বন্ধ করে নারী-শিশুসহ ১০ জনকে সরিয়ে নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রিন্ট করুন