প্রকাশের সময়: Thursday, ২ জুলাই, ২০২৬ । ৯:১৫ am প্রিন্ট এর তারিখঃ ,

কঠোর নজরদারিতে পীরগাছায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা

প্রকাশের সময়: Thursday, ২ জুলাই, ২০২৬ । ৯:১৫ am

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
কঠোর নিরাপত্তা, নকলমুক্ত পরিবেশ ও প্রশাসনের সার্বিক তদারকির মধ্য দিয়ে রংপুরের পীরগাছা উপজেলায় ২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা উপজেলার ছয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, নকল বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়। প্রবেশপথে পরিচয়পত্র যাচাই, তল্লাশি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্ব পালন করেন। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর ও আশপাশে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়।পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগাছা সরকারি কলেজ কেন্দ্রে ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৩ জন, পীরগাছা মহিলা কলেজ কেন্দ্রে ৩২৬ জনের মধ্যে ৩১৭ জন, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০১ জনের মধ্যে ১৯৪ জন, পীরগাছা হাজী ছফের উদ্দিন দ্বিমুখী আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৪৪ জনের মধ্যে ২৩৩ জন, পীরগাছা মহিলা কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ২০৭ জনের মধ্যে ২০৩ জন এবং পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি কেন্দ্রে ১৬৭ জনের মধ্যে ১৬৪ জন পরীক্ষায় অংশ নেন।
সব মিলিয়ে উপজেলার ছয়টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৩৪ জন। অনুপস্থিত ছিলেন ৪৫ জন।
এদিকে পরীক্ষার্থীদের সহায়তায় পীরগাছা উপজেলা ছাত্রশক্তির উদ্যোগে প্রতিটি কেন্দ্রের পাশে হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
সেখানে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম এবং প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
উদ্যোগটি পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।
পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে বিপুলসংখ্যক অভিভাবককে অবস্থান করতে দেখা যায়। প্রশাসনের নির্দেশনা মেনে তারা শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করেন।
প্রথম দিনের পরীক্ষা শেষে কোনো কেন্দ্র থেকেই নকল, শৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে

প্রিন্ট করুন