মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ সোহাগ মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত কাল রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউপি এলাকার বড় কমলাবাড়ী মৌজস্থ ধোনিরটারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহাগ মিয়া বড় কমলাবাড়ী ধনীর টারী এলাকার সাইফুল ইসলাম ও নুরবানু দম্পতির ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি চৌকস দল ধোনিরটারি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
