কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ডিগ্রি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৩১ আগস্ট) কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে নিয়মিত ক্লাস নেওয়া, অতিরিক্ত ভর্তি ও ফরম পূরণের ফি বাতিল এবং শিক্ষার মান উন্নয়নের দাবি জানান। একই সঙ্গে শিক্ষক রাজনীতি বন্ধ, সুস্থ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং কলেজের বিভিন্ন অনিয়মের তদন্তের দাবি তোলেন তারা।শিক্ষার্থীদের প্রচারপত্রে আরও অভিযোগ করা হয়, কলেজের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা ৪ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ের সুনির্দিষ্ট প্রমাণ দেখতে চান তারা। পাশাপাশি নিয়মিত অধ্যক্ষের দায়িত্ব পুনর্বহাল এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেনএ বিষয়ে চর শৌলমারী ডিগ্রি কলেজের নিয়মিত অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, “আমি ছয় মাস অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিলাম। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ফখরুল সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ছুটি শেষে আমি দায়িত্ব গ্রহণ করতে আসলে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে গভর্নিং বডির কাছে আবেদন করেও কোনো সমাধান পাচ্ছি না।”
