মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি অবৈধ শুকনা গাঁজাসহ মোঃ রফিক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের নিশান প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে বগুড়া সদর থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রংপুর থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বগুড়া শহরের চারমাথার দিকে আসছে এক মাদক ব্যবসায়ী।
পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহীম আলীর তত্ত্বাবধানে রাত ১০টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় মাহাথীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসানো হয়।
রাত ১০টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন সাদা রঙের নিশান প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থেকে নেমে রফিক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে তার দেখানো মতে গাড়িটির পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় লাল প্লাস্টিকের কাগজ ও খাকি রঙের কসটেপে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। ডিজিটাল মাপযন্ত্রে পরিমাপ করে কাগজ ও কসটেপসহ প্রতিটি পোটলায় পাঁচ কেজি করে মোট ১৫ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৯-৩৮৪৮ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রফিক দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় রফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই মোঃ মোস্তাফিজুর রহমানের ওপর অর্পণ করা হয়েছে।
