রংপুরের গংগাচড়ায় যুবলীগ নেতা ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক শিক্ষক কমল কৃষ্ণ সরকারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ২৬ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও নাগরিক সমাজ এর ব্যানারে সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট পলাশ কান্তি নাগ।সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ বর্মন,শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান,শিক্ষক আহসানুর রহমান, মনতাজুর রহমান, হুমায়ুন কবির, শিক্ষার্থী তাওহীদ,তামিম ইকবাল প্রমুখ। বক্তারা,গত ২৩ নভেম্বর গংগাচড়ার নীলকচন্ডি এলাকায় যুবলীগ নেতা ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক শিক্ষক কমল কৃষ্ণ সরকারের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।বক্তারা বলেন,একজন শিক্ষকের উপর এমন ন্যাক্কারজনক হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না।নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীনের মতো সন্ত্রাসীদের এখনও এই ধৃষ্টতা প্রদর্শনের ঘটনা ভীষণ উদ্বেগজনক।দিনের পর দিন এই ভূমিদস্যু স্বাধীন অসহায় নিরীহ মানুষদের উপর অত্যাচার করে আসছে। বিগত সময়ের মতো এখনও চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভুমি দখল সবই বেপরোয়াভাবে করে চলেছে। অথচ প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। হামলার শিকার কমল কৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে। সন্ত্রাসী কামরুজ্জামান স্বাধীন এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।বক্তারা,অবিলম্বে সন্ত্রাসী কামরুজ্জামান স্বাধীনসহ ঘটনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার এবং শিক্ষক কমল কৃষ্ণ সরকারের পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।পরে মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্র শিক্ষক জনতা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন।পুলিশ প্রশাসন আসামীদের গ্রেফতারসহ ভুক্তভোগীদের নিরাপত্তা বিধানের আশ্বাস দিলে কর্মসূচী সমাপ্ত করা হয়।
