প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫০ am
পুঁজিবাজারের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে মাল্টিপারপাস হলে এ বৈঠক হয়।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি পুঁজিবাজার সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের মূল ক্ষেত্রসমূহ: মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও বিধিমালা ও কর্পোরেট গভর্ন্যান্স নীতিমালা যুগোপযোগিকরণ তথা সংস্কারের কাজ করছে বিএসইসি। বিগত সময়ের অনিয়মের বিচার নিশ্চিত করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও কমিশন কাজ করছে। সংস্কারের সবক্ষেত্রেই আমরা ন্যায়সঙ্গত (reasonable) ও যুক্তিযুক্তভাবে (Rationable) সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুইমাসের মধ্যেই এগুলোর সব কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নেগেটিভ ইক্যুইটিসহ পুঁজিবাজারের মূল সমস্যাগুলোর সমাধানেও কমিশন কাজ করছে এবং দ্রুতই বিষয়গুলোর সমাধান হবে। শিগগিরই আমরা এর সুফল পাবো আশা করি।
চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে হবে। হাল ছাড়া যাবে না। পুঁজিবাজারে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করতে হবে।