রংপুরের গংগাচড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে জমির প্রকৃত মালিককে একাধিক মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে রহিদুল ও রশিদুলের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনায় মা ও ভাইদের কাছে ক্রয়কৃত ৮ শতক জমি, যার সাবেক দাগ ৯০৯ ও হাল দাগ ১৫২৬ আর এস রেকর্ড নং ৩৪। দীর্ঘদিন থেকে আজম আলী চাষাবাদ করে আসলেও হঠাৎ রহিদুল ও তার ভাই রশিদুল গায়ের জোরে প্রকৃত মালিক আজমের কাছে থেকে উক্ত জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
তবে স্থানীয় বাসিন্দারা বলেন, মামলার সময় তারা নিজ বাড়িতে ও কর্মস্থলে স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং কোনো বিশৃঙ্খলা ঘটেনি। বরং প্রতিপক্ষ রহিদুল ও রশিদুলের তাদের জমিতে বারবার অনধিকার প্রবেশের চেষ্টা করছেন এবং তাদের কাজে বাঁধা দিচ্ছেন। তাদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতেই গত চার মাসে ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে আজম আলী ও তার পরিবারের বিরুদ্ধে, আদালতের কাছে সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তারা।
অভিযুক্ত রহিদুল ও রশিদুলের সঙ্গে সেলফোনে মামলার বিষয়ে সত্যতা জানতে চাইলে এ বিষয়ে এখন কথা বলতে পারব না বলে সংযোগ বিছিন্ন করে দেন, পরে তিনি সেলফোনটিও বন্ধ করে রাখেন।
ভুক্তভোগী পরিবারটি ক্রয়কৃত জমি উদ্ধার এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গংগাচড়া মডেল থানার ওসি, রংপুর জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও স্থানীয়দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
