মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে তাল বীজ বিতরণ ও বপন কর্মসূচি।‘সবুজ সেবা যুব বিজ্ঞান সংস্থা’র উদ্যোগে পরিচালিত এই চলমান কর্মসূচির ধারাবাহিকতায় জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে তাল বীজ বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।সংস্থার দায়িত্বশীলরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিক দেয়াল হিসেবে তালের চারা রোপণ অত্যন্ত গুরুত্ব বহন করে।উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই তাল গাছগুলো বড় হয়ে উঠলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের হাত থেকে স্থানীয়দের সুরক্ষা দেবে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে। পরিবেশ রক্ষায় এই ধরনের জনকল্যাণমুখী ও সচেতনতামূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
