প্রকাশের সময়: Tuesday, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:০১ am প্রিন্ট এর তারিখঃ ,

পীরগাছায় খালে অর্ধডুবন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: Tuesday, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:০১ am

রংপুরের পীরগাছায় খালের পানিতে অর্ধেক ডুবে থাকা অবস্থায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সকালে খালে ভেসে থাকা মরদেহটি প্রথমে অজ্ঞাত মনে হলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিচয় নিশ্চিত হয়।নিহত আব্দুল কাদের উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকার মৃত হরফ উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বৃদ্ধ কাদের বেশ কিছুদিন ধরে প্যারালাইসিস ও মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজে কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা খালের ধারে পানিতে অর্ধেক ডুবন্ত দেহটি দেখতে পান। পানির উপরে কেবল কাঁধ ও মাথার কিছু অংশ দেখা যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই এলাকায় ঘটনা ছড়িয়ে পড়ে। উৎসুক জনতার ভিড়ে খালপাড় জমজমাট হয়ে ওঠে। কেউ কেউ মোবাইলে ছবি তুলতে থাকেন, আবার কেউ মরদেহের পরিচয় খোঁজার চেষ্টা করছিলেন।নিহত বৃদ্ধের ছেলে আব্দুর রহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার বাবা কিছুদিন ধরে মাথায় সমস্যা ছিল। একা একা ঘুরে বেড়াতেন। গতকাল সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। আজ খালের ছবিটি ফেসবুকে দেখে চিনতে পারি। আমরা ধারণাও করিনি এমনভাবে তাকে পাওয়া যাবে।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পা পিছলে বা অসুস্থতার কারণে খালে পড়ে যেতে পারেন। তিনি আরও জানান,“মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

প্রিন্ট করুন