শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংস্কার, সার সার্টিফিকেট প্রক্রিয়া সহজীকরণ, খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,গাইবান্ধা জেলা শাখা। মানববন্ধনে খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন সার নীতিমালা, প্রশাসনিক জটিলতা এবং বাধ্যতামূলক সার সার্টিফিকেটের কারণে খুচরা বিক্রেতারা মারাত্মক সংকটে পড়েছেন। এতে ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পালসহ নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, অনুমোদন থাকা সত্ত্বেও অনেক বিক্রেতা হয়রানির শিকার হচ্ছেন। তারা বলেন, দেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে সরকারি সার বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলেও তাদের মতামত উপেক্ষা করে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে।মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর গাইবান্ধা জেলা প্রশাসক কাযর্লয় স্মারক লিপি প্রদান করা হয়।
Leave a Reply