হাবিবুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়াম হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন।কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।একইদিন দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন পুলিশ সুপার।সভা শেষে ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ও শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য থানা, অফিসার ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে পীরগাছা থানা নির্বাচিত হয়।পুরস্কার গ্রহণ করেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।এছাড়াও সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন পীরগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) সফিকুল ইসলাম আকন্দ,মামলা নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হন এসআই (নিঃ) রফিকুল ইসলাম,সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তিকারী হিসেবে নির্বাচিত হন এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা।শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন“এই স্বীকৃতি পীরগাছা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের ফল। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতেও পীরগাছা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।”
Leave a Reply