হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
“মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন”—এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মাদক বিরোধী এক বিশাল গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন বলেন, “মাদক একটি দেশ ও জাতির শত্রু। মাদকের ছোবল থেকে আমাদের মেধাবী তরুণ সমাজকে রক্ষা করতে হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন মাদকের সরবরাহ বন্ধ এবং আসক্তদের পুনর্বাসনে নিরলস কাজ করে যাচ্ছে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না।”
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদক চোরাচালান রোধে পুলিশ কঠোর নজরদারি রাখছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে মাদকের নীল দংশন থেকে বাঁচতে পারিবারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি অধিদপ্তরের পক্ষ থেকে চলমান চিরুনি অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণের কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ নাজমুল কবির উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণ নিয়ে যুবকরা যখন আত্মকর্মী হয়ে উঠবে, তখন তারা মাদক থেকে দূরে থাকবে। কর্মসংস্থানই হলো মাদক নিরাময়ের অন্যতম পথ।”
সভায় জেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ইন্টারনেটের অপব্যবহার ও সঙ্গদোষের মাধ্যমে মাদকে আসক্ত হওয়ার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সমস্বরে মাদক বিরোধী শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার করেন।
Leave a Reply