বিথীকা সুলতানা, যশোর জেলা প্রতিনিধিঃ
সরকারি বরাদ্দের টাকা লোপাট বা অপচয়ের সংবাদের ভিড়ে সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। উপজেলার খাল খনন প্রকল্পের কাজ শেষে বেঁচে যাওয়া ৭ লক্ষাধিক টাকা আত্মসাৎ না করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। সরকারি আমানতের টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
জানা গেছে, মনিরামপুরের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি সেচ ব্যবস্থার সুবিধার্থে বেশ কিছু খাল পুনঃখনন প্রকল্প হাতে নেয় উপজেলা প্রশাসন। নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকল্পগুলোর কাজ সফলভাবে শেষ হয়।কাজ শেষে হিসাব করে দেখা যায়, বরাদ্দকৃত অর্থের মধ্য থেকে ৭ লক্ষ টাকারও বেশি উদ্বৃত্ত রয়েছে। এই বিপুল অর্থ পকেটে না পুরে ইউএনও সম্রাট হোসেন তা নিয়মমাফিক সরকারি কোষাগারে জমা দেন।
নিজের এমন উদ্যোগ প্রসঙ্গে ইউএনও সম্রাট হোসেন বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার পর যে অর্থ বেঁচে গেছে, তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া আমার দায়িত্বেরই অংশ। এতে বাড়তি কৃতিত্বের কিছু নেই।”
তার এই সততা ও দায়িত্বশীলতার খবরে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে।
Leave a Reply