1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ৪৮ ঘণ্টায় সড়কে ঝরল ১২ প্রাণ

  • প্রকাশিত : রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ৪২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। এর মধ্যে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় বাসচাপায় সাতজন, একই সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন এবং সর্বশেষ ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুরে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পৃথক ঘটনায় অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বশেষ দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

লাগাতার প্রাণহানিতে বগুড়ার মহাসড়ক ও আঞ্চলিক সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনাপ্রবণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, চেকপোস্ট বাড়ানো এবং অবৈধ পার্কিং ও ঝুঁকিপূর্ণভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এরুলিয়ায় বাসচাপায় নিহত ৭, মামলা ,গত শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ জন আহত হন।

নিহত শ্রমিকরা হলেন- বগুড়া সদরের ফাঁপোর মধ্যপাড়ার ইব্রাহিম আলীর ছেলে বেলাল হোসেন (৪০), কাহালু নারহট্র সরদার পাড়ার নজের সরদারের ছেলে নুর মোহাম্মদ (৭০), গাইবান্ধার গোবিন্দগঞ্জের এনায়েতপুর মহল্লার আবু সিদ্দিকের ছেলে আবু সাইদ (৪৫), একই উপজেলার বৈলগ্রামের ফয়জার রহমানের ছেলে নুর আলম (৪৩), জয়পুরহাটের কালাই পার্বতীপুর গ্রামের খয়বর আলীর ছেলে আনোয়ারুল হক (৫৪), পাঁচবিবি উপজেলার আমিরপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪০, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুঘলগাছি মহল্লার গোলাপ শাহের ছেলে তাজিমুল ইসলাম (৪৭)।

দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। পুলিশ ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১ নম্বরের বাসটি জব্দ করে। নিহত বেলাল হোসেনের জামাতা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, দুর্ঘটনায় আহত আরও ১৪ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, শিশু আহত একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বিমানবন্দর গেটসংলগ্ন বগুড়া-নওগাঁ মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। নওগাঁ থেকে বগুড়া শহরের চারমাথাগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

মোটরসাইকেলে ছিলেন বগুড়ার আটাপাড়া ঈদগাহ মাঠ এলাকার বাবুল হাসান (৫৩), তার স্ত্রী জেসমিন আরা বেগম (৪৩) ও তাদের স্বজন শিশু জুলকার নাইন (৮)। দুর্ঘটনায় বাবুল হাসান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জেসমিন আরা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশু জুলকার নাইন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান। পুলিশ ঢাকা মেট্রো-গ-২৭-১৬৪৪ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে। এ ঘটনায় নিহতদের স্বজন নাবিউল করিম মুজাহিদ বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেন।

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ৩ এর মধ্যে সর্বশেষ রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশ জানায়, ভোরে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে গেলে সেটি সড়কে দাঁড়িয়ে ছিল। চালক ও সহকারী ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এ সময় রংপুরগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার তাপস সরকার (৩৫) ও তার ছেলে তীব্র সরকার (১৮) রয়েছেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে বগুড়া সদরের ঝোপগাড়ি দক্ষিণপাড়ার আব্দুল মালেক (৩৫), দিনাজপুরের বিরামপুরের নুর ইসলাম (২২) ও নুর আলম (২৫) রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো ও উদ্ধারকাজের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাময়িকভাবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক সার্ভিস লেন দিয়ে চলাচল করে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতর থেকে মরদেহ বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সেখানে অবৈধ পার্কিং ছিল না; একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। মেরামতের সময় অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরপর দুর্ঘটনায় বগুড়ার সড়ক-মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনাপ্রবণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে চেকপোস্ট বাড়ানো, সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন দাঁড় করানো বন্ধ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো জরুরি।

তবে সর্বশেষ দুর্ঘটনার বিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ বলছে, সেখানে অবৈধ পার্কিংয়ের কারণে নয়, বিকল ট্রাক মেরামতের সময় অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে পৃথক দুই দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বশেষ ট্রাক দুর্ঘটনায়ও সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি