স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে।‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় চার ধাপে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পঞ্চগড়ে নকআউট পদ্ধতিতে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে। এরপর বিভাগীয় পর্যায়ের সেরা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় রাজু বলেন, ‘খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যস্ত রাখা গেলে আমরা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে পারব। পুলিশের এ উদ্যোগ আমাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরেক খেলোয়াড় আরিফ হাসান বলেন, ‘কাবাডি আমাদের ঐতিহ্যবাহী খেলা। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগছে।পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম বলেন, ‘পঞ্চগড় দেশের সর্বউত্তরের জেলা। এখানকার তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আইজি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply