শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী সরকারপাড়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারপাড়া সংলগ্ন অস্থায়ী মাঠে আয়োজিত এই ক্রীড়া উৎসবে এলাকার শত শত ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে এক উৎসবের নগরীতে পরিণত করে। কিশামত মালিবাড়ী সরকারপাড়া ফুটবল একাদশের দক্ষ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে অংশগ্রহণকারী দলগুলো তাদের অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ, যেখানে দর্শকদের মুহুর্মুহু তালি আর উৎসাহব্যঞ্জক স্লোগানে খেলোয়াড়রা তাদের সেরা খেলাটি উপহার দিতে মরিয়া হয়ে লড়াই করেন।প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা, যেখানে আক্রমণ আর পাল্টা আক্রমণের মাধ্যমে খেলোয়াড়রা তাদের পেশাদারিত্ব ও ক্রীড়াশৈলীর স্বাক্ষর রেখেছেন।রেজিয়া ফুটবল একাদশ ৩-১ গোলে বন্ধন বহুমুখী একাদশ দলকে পরাজিত করে।আয়োজক কমিটির পক্ষ থেকে রাব্বি মিয়া জানান, বর্তমান সময়ের তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল গেমে আসক্তি এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে খেলাধুলার বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ফুটবলকে ফুটসাল আকারে ছোট পরিসরে আরও গতিশীলভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারপাড়া ফুটবল একাদশ নিরলস কাজ করে যাচ্ছে।খেলা শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া অনুরাগী অতিথিবৃন্দ এমন চমৎকার একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন যাতে করে স্থানীয় পর্যায়ে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হতে পারে।
Leave a Reply