শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায়ের অভিযোগে আটক পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুর রহমান আজ এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, আটক ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন নারী থাকায় তাঁদের ক্ষেত্রে রিমান্ড কার্যকর হয়নি। বাকি ৩৪ জনের বিরুদ্ধে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ৪৩টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।সবচেয়ে বেশি পরীক্ষার্থী আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে—এ কেন্দ্র থেকেই ১১ জন পরীক্ষার্থী আটক হন।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্র থেকে সন্দেহজনক আচরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে কানে লাগানো ডিভাইস, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ এবং রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করা সম্ভব হবে।
Leave a Reply