জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ভেজালবিরোধী অভিযানে অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ওজন বাড়িয়ে বাজারে বিক্রি হচ্ছিল ।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মসলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।
এ সময় মসলা ব্যবসায়ী শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
Leave a Reply