কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী তুহিনের মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধির এমন আচরণ সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইউপি সদস্য আনসার আলী তুহিন একটি কক্ষে বসে মদের বোতল থেকে গ্লাসে পানীয় ঢালছেন। ছবিটি প্রকাশের পর স্থানীয় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কর্মকাণ্ড তার দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি সমাজের জন্য আদর্শ হওয়া উচিত। তার আচরণে সমাজের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম প্রভাবিত হতে পারে। তাই এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি করে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন এবং জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছেন।
তবে এ বিষয়ে ইউপি সদস্য আনসার আলী তুহিনের বক্তব্য জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের ব্যক্তিগত জীবনেও এমন আচরণ থেকে বিরত থাকা উচিত যা সমাজে বিতর্ক বা নেতিবাচক বার্তা সৃষ্টি করতে পারে।
Leave a Reply