লিপি আক্তার, কারমাইকেল কলেজ প্রতিনিধি
আনন্দ উচ্ছ্বাস, সৌহার্দ্য এবং নতুনদের বরণ করে নেওয়ার আবহে অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির আয়োজনে চড়ুইভাতি, নবীন বরণ ও আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে কারমাইকেল কলেজে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানটি ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান, গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রবিউল সাদিক নিরব, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রাজিউর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জলিলুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হাসান এবং ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে নবীন ও প্রবীণদের মাঝে গড়ে ওঠে আন্তরিক সম্পর্কের সেতুবন্ধন।
আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চড়ুইভাতির বিভিন্ন পর্ব। অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোঃ সিয়াম সিদ্দিক, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান মোঃ নাঈম হাসান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ বিশাল হৃদয়, শফিউল্লাহ, হামেদ শাহরিয়ার, লিপি আক্তার, রোহান, আঁখি, তুষার, পারভেজ, মোশাররফ, শান্ত রঞ্জন এবং হ্যাপি রাণী।
পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল প্রাণের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ। বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে।
বক্তারা আরও বলেন, ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের একত্রিত করে তাদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাওয়াই সমিতির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন গঠনমূলক ও ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবীনদের উদ্দেশে বক্তারা বলেন, স্বপ্ন দেখো, নিজেকে গড়ে তোলো এবং মানুষের পাশে দাঁড়াও, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর ঠাকুরগাঁও।সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দঘন মুহূর্ত এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবীন ও প্রবীণের এই মিলনমেলা উপস্থিত সবার মাঝে রেখে যায় স্মরণীয় এক সৃতি।
Leave a Reply