পরিবেশের ভারসাম্য রক্ষা ও আশঙ্কাজনক প্লাস্টিক দূষণ রোধে গংগাচড়ায় গ্রহণ করা হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘মানব সেবা সংগঠন’ এর উদ্যোগে আয়োজিত হয়েছে ‘প্লাস্টিক বোতল দিন, ১টি গাছের চারা নিন’ সম্পূর্ণ বিনামূল্যে শীর্ষক এই অভিনব পরিবেশবান্ধব কর্মসূচি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গংগাচড়া উপজেলার ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজে এই আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে তাদের জমা দেওয়া খালি প্লাস্টিক বোতলের বিনিময়ে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং ব্যবহৃত প্লাস্টিকের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত করতে গংগাচড়ায় এমন উদ্যোগ এই প্রথম।এসময়ে উপস্থিত ছিলেন, মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক মো: রাদিয়ান আহমেদ, সভাপতি মোস্তাকিন ইসলাম মিল্লাত, সাধারন সম্পাদক আরমান, সহ সাধারণ সম্পাদক জিম, হযরত বেলাল, কোষাধ্যক্ষ আদিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তার শিমু,কার্যনির্বাহী সদস্য ওয়াজিবসহ প্রমুখ।আয়োজকরা বলেন, প্লাস্টিক বর্জ্য আমাদের মাটি, পানি ও সামগ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের একদম ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার এই বার্তা দেওয়া অত্যন্ত জরুরি, পরিত্যক্ত বোতলের বিনিময়ে একটি সবুজ চারা হাতে তুলে নিয়ে তারা কেবল গাছই রোপণ করছে না বরং প্লাস্টিকমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার গ্রহণ করছে। তরুণ প্রজন্মের এমন উদ্ভাবনী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Leave a Reply