প্রেমের সম্পর্ক ভেঙে গেলে থেকে যায় স্মৃতি, অভিমান, অভিযোগ আর কখনো কখনো গভীর ক্ষত। একসময় যে মানুষটি ছিল সবচেয়ে কাছের, বিচ্ছেদের পর সেই মানুষটিই হয়ে উঠতে পারে কষ্টের কারণ। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও পুরোনো সম্পর্কের তিক্ততা সহজে মুছে যায় না। সেই অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়েই পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন।প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় এই দিবস। ২০২৬ সালে দিনটি শনিবার। দিবসটির মূল ভাবনা হলো, অতীতের সম্পর্ক নিয়ে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। তবে প্রাক্তনকে ক্ষমা করার অর্থ আবার সম্পর্কে ফিরে যাওয়া নয়; বরং নিজের মানসিক শান্তির জন্য অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।প্রাক্তনকে ক্ষমা করার দিনটির ইতিহাস খুব বেশি পুরোনো নয়। বিভিন্ন অনলাইন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’ পালনের প্রচলন শুরু হয়। তবে ঠিক কে এই দিবসের সূচনা করেছিলেন, কোথায় প্রথম উদযাপন হয়েছিল কিংবা কেন ১৭ অক্টোবর তারিখটি বেছে নেওয়া হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য পাওয়া যায় না।এটি জাতিসংঘের স্বীকৃত কোনো আন্তর্জাতিক দিবস নয়। বরং ইন্টারনেটভিত্তিক বিশেষ দিবসগুলোর মধ্যে একটি, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন ক্যালেন্ডারের মাধ্যমে পরিচিতি পেয়েছে। ফলে দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা সূচনাসংক্রান্ত তথ্য নিশ্চিতভাবে উল্লেখ করা কঠিন।
Leave a Reply