নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এবং পুরোনো সম্পর্কের বন্ধন অটুট রাখার বার্তা নিয়ে সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে নতুন বন্ধু দিবস। জীবনে নতুন বন্ধু যেমন নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়, তেমনি পুরোনো বন্ধুরাও হয়ে থাকেন সুখ-দুঃখের চিরচেনা সঙ্গী।
বন্ধুত্ব মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যান, আবার জীবনের নানা পর্যায়ে যুক্ত হন নতুন মানুষ। শৈশবের পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে ওঠা বন্ধুত্ব সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হলেও অনেক ক্ষেত্রে অটুট থাকে। পাশাপাশি কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা নতুন পরিবেশে তৈরি হয় নতুন বন্ধুত্ব।
নতুন বন্ধু দিবসের মূল বার্তা হলো, নতুন সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি পুরোনো বন্ধুত্বকেও গুরুত্ব দেওয়া। একটি ইংরেজি গানের কথার বাংলা অর্থ ‘নতুন বন্ধু তৈরি করো, তবে পুরোনো বন্ধুদেরও ধরে রাখো। একজন রুপার মতো, অন্যজন সোনার মতো।’ কথাটি বন্ধুত্বের দুই ধরনের সম্পর্কের মূল্যকেই তুলে ধরে।
নতুন বন্ধু মানেই নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা ও ভিন্ন এক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। একজন নতুন বন্ধু জীবনের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার পাশাপাশি চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে পারেন। তবে নতুন বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও আন্তরিকতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অনেকে।
হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে নতুন বন্ধু দিবসের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়। ২০০৭ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আরও জনপ্রিয়তা লাভ করে।
Leave a Reply